লালমনিরহাটের আদিতমারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ও ক্যাশমেমো ছাড়া সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ব্যবসায়ী আজমীর হক পলাশ উপজেলা সদরের একজন বিএডিসি সার ডিলার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদিতমারী সদরের ভাদাই ইউনিয়নের মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় রহমান এন্ড সন্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, সরকার নির্ধারিত মূল্য ডিএপি সার ১০৫০ টাকার জায়গায় ১১৫০ টাকা দরে বিক্রি ও সার বিক্রির মেমো না দেয়ায় খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এসময় ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী রহমান এন্ড সন্সের মালিক বিএডিসি সার ও বীজ ডিলার আজমীর হক পলাশকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম সাংবাদিকদের বলেন, “সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।