সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালিগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে ব্যবসার পরিচিতি পেরিয়ে চেয়ারম্যান হতে চান ‘মসলা আলম’


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
কালিগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে ব্যবসার পরিচিতি পেরিয়ে চেয়ারম্যান হতে চান ‘মসলা আলম’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটে ব্যবসায়ী হিসেবে ‘মসলা আলম’ নামে পরিচিত মো. আলমগীর হোসেন। এবার ব্যবসার গণ্ডি পেরিয়ে জনসেবায় নিজেকে যুক্ত করতে আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

চন্দ্রপুর ইউনিয়নের লতাবর ওয়ার্ডের মৃত ইয়াকুব আলীর ছেলে ৫৭ বছর বয়সী আলমগীর হোসেন এলাকায় ‘মসলা আলম’ নামেই বেশি পরিচিত। তিনি চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মসলা আলম বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে আমি নেতা হতে আসিনি, এলাকার মানুষকে নেতা বানাতে চাই। নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। চেয়ারম্যানের চেয়ার আমার কাছে ক্ষমতার নয়, মানুষের দায়িত্ব নেওয়ার জায়গা।”

তিনি জানান, নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশ তৈরি, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করার বিষয়ে গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, “প্রতিশ্রুতির চেয়ে কাজকে বড় করে দেখতে চাই। ৫ বছর পর মানুষ যেন বলতে পারে—তারা একজন সেবককে নির্বাচিত করেছিল।”

এদিকে স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলার মধ্যে ব্যবসায়ী আলমগীর হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহও এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসার জগতের পরিচিত মুখ ‘মসলা আলম’ এবার ভোটের মাঠে কতটা মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন