দীর্ঘদিন ধরে এসিড নিক্ষেপের ঘটনায় বিচারপ্রত্যাশী আমেনা খাতুন (৩৫) শেষ পর্যন্ত ন্যায়বিচার না পেয়েই মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, ২০১৯ সালের ২ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী এলাকায় পারিবারিক ও যৌতুকসংক্রান্ত বিরোধের জেরে আমেনা খাতুনের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় আবজাল হোসেন, মুসা মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়।
স্বজনরা জানান, এসিড হামলার পর থেকে আমেনা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বজনদের দাবি, দীর্ঘ সাত বছরেও মামলাটির কাঙ্ক্ষিত বিচার হয়নি। বিচার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে। এখন আমেনার মৃত্যুর পর মামলাটি দ্রুত নিষ্পত্তি করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।