বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সনাকের ক্যাম্পেইন


প্রকাশ :

তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে তথ্যের গুরুত্ব তুলে ধরতে লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এক ক্যাম্পেইনে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা|

বুধবার (২৪ জুন) সকালে লালমনিরহাট নার্সিং কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়|

অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়| একই সঙ্গে তথ্য প্রাপ্তির আবেদনপত্রের ‘ক’ ফরম কীভাবে পূরণ করতে হয়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়| পরে ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯ : তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|

বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের শুধু মানবসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিলেই হবে না, তাদের তথ্য জানার অধিকার এবং তথ্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও সচেতন হতে হবে| সঠিক তথ্যের অভাবে অনেক সময় সাধারণ মানুষ হয়রানি ও দুর্নীতির শিকার হন| একই সঙ্গে তথ্যের অভাবে প্রয়োজনীয় ও সঠিক সিদ্ধান্ত গ্রহণও বাধাগ্রস্ত হয়|

তারা আরও বলেন, তথ্য জানা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব| সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচিত প্রকাশযোগ্য তথ্যসমূহ স্বপ্রণোদিতভাবে উন্মুক্ত রাখা এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তা জনগণের কাছে পৌঁছে দেওয়া| এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি ও অনিয়ম কমে আসবে|

অনুষ্ঠানে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলমের সঞ্চালনায় সনাক সদস্য ডা. আশিক ইকবাল মিলন স্বাগত বক্তব্য প্রদান করেন| এ সময় রাওয়ানা মার্জিয়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান|

আলোচনা সভায় বক্তব্য দেন লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. নুরুন্নাহার খাতুন, সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আমিনা খাতুন, সনাকের সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সনাক সদস্য রিয়াজুল হক সরকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা| (প্রেস বিজ্ঞপ্তি)|