লালমনিরহাটের
আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী
শিশু নন্দিনী রানীর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, উদ্বেগ
ও তীব্র নিন্দা জানিয়েছে অদম্য যুব সংগঠন। একই
সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়ে সহিংসতা
পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অদম্য
যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন
ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম জিদান বলেন,
একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন নির্মমতা সমগ্র
সমাজকে ব্যথিত করেছে। এ ঘটনা মানবিক
মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার ওপর
গুরুতর আঘাত হেনেছে। তারা
দ্রুত ও নিরপেক্ষ তদন্তের
মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায়
এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে
নেতৃবৃন্দ বলেন, হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে উত্তেজিত জনতার
হাতে জেলা প্রশাসনের গাড়ি
ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকদের ওপর
হামলা এবং অন্যান্য সহিংস
কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ
ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে
ব্যাহত করে এবং আইনশৃঙ্খলা
পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে।
তারা
সকলের প্রতি সংযম ও দায়িত্বশীল
আচরণের আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে
তুলে না নিয়ে তদন্ত
ও বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে হবে। প্রকৃত অপরাধীদের
শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও
আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা প্রয়োজন।
অদম্য
যুব সংগঠন চার দফা দাবি
জানিয়েছে। দাবিগুলো হলো— ঘটনার নিরপেক্ষ,
স্বচ্ছ ও দ্রুত তদন্ত
সম্পন্ন করা, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে
কার্যকর তদন্ত পরিচালনা করা, বিচারিক প্রক্রিয়ার
মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে
এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর
ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা।
বিবৃতিতে
আরও বলা হয়, মানবিকতা,
নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে
অদম্য যুব সংগঠন সবসময়
সোচ্চার রয়েছে। নন্দিনী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত
সংগঠনটি এ বিষয়ে তাদের
অবস্থান থেকে কার্যক্রম অব্যাহত
রাখবে।