স্মৃতিচারণ, আনন্দ আর আবেগঘন মিলনমেলার মধ্য দিয়ে লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় প্রতিষ্ঠিত বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী-শিক্ষকদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে|
গত ২৯ মে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু| বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান আজাদ (অব.)-এর পুত্র মেহেদী হাসান|
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাহারুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা|

অনুষ্ঠানে ৩০ বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান আজাদ (অব.)-কে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়| সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর পুত্র মেহেদী হাসান|
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা| বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা পরিণত হয় এক প্রাণবন্ত ও আবেগঘন আয়োজনে| স্মৃতিচারণ, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটে|