রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে আরেকটি বাসকে ধাক্কা দিলে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রাজধানীর নতুন বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার পরপরই ইসলাম পরিবহনের চালক ও হেল্পার পালিয়ে যায়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, নতুন বাজার এলাকায় সড়কে সবসময় যানবাহনের চাপ থাকে। ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসছিল। উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারের ওপর তুলে ফেলেন। পরে সেটি বিপরীত লেনে গিয়ে আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, আকাশ পরিবহনের বাসটিতে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। আহতদের কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, ইসলাম পরিবহনের কয়েকজন যাত্রীর ভাষ্য অনুযায়ী, বাসটি পটুয়াখালী থেকেই বেপরোয়া গতিতে চলছিল। চালকের আচরণও ছিল অস্বাভাবিক। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দের পাশাপাশি চালক ও হেল্পারকে আটকের চেষ্টা চলছে।