কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া সীমান্তের কাটাপাহাড় পোস্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, উখিয়ার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সালমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে। তবে কী কারণে তিনি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হন। ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা মাইনের বিস্ফোরণের শিকার হন বলে জানিয়েছে বিজিবি।
নিহতরা হলেন— লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)। সীমান্ত এলাকায় ধারাবাহিক মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।