লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবারও আটক হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন এবং ছাড়পত্র পাওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে নিয়ে যায়।
আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট সদর উপজেলার তালুক হারাটি এলাকার মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত আরও দুটি মামলায়ও আদালত থেকে ছাড়পত্র পান।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ সূত্র আরও জানায়, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে আবারও জেলা কারাগারে পাঠানো হতে পারে।