বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার একমাত্র আসামি মোঃ নাহিদুজ্জামান বাবুকে মৃত্যু দণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হায়দার আলী| এছাড়াও তাকে ২০ হাজার টাকা নগদ জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে| 

মঙ্গলবার(১৯ মে) দুপুরে এ রায় ঘোষণা করা হয়| এ সময় আদালতে বাদী রিফাত হাসান উপস্থিত থাকলেও আসামি মোঃ নাহিদুজ্জামান বাবু অনুপস্থিত ছিলেন| ২০২৪ সালের ৫ই আগষ্ট পরবর্তী সময়ে আসামি মোঃ নাহিদুজ্জামান বাবু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন| বাদী জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করলে তার জামিন বাতিল হয়ে যায়| এরপর থেকে আসামি মোঃ নাহিদুজ্জামান পলাতক রয়েছে|

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জানুয়ারি রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুলের বাসা থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়| এ ঘটনায় নিহতের ছোট ছেলে মোঃ রিফাত হাসান পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করে|

মামলার বাদী মোঃ রিফাত হাসান লালমনিহাট বার্তাকে বলেন, ‘আমরা দুই ভাই অকালে পিতাকে হারিয়েছি| একজন পিতা হারা সন্তান হিসেবে আমি আসামিকে যথাসম্ভব দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবী জানাচ্ছি| যতক্ষণ আসামিকে গ্রেফতার করে রায় বাস্তবায়ন না করা হচ্ছে ততক্ষণ সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই|’

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কেএম হুমায়ুন রেজা লালমনিহাট বার্তাকে বলেন, ‘আসামি মোঃ নাহিদুজ্জামান বাবুর বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪১ ধারার অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে| পাশাপাশি ৩৪১ ধারায় ২০ হাজার নগদ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে| আদালতের আদেশ মোতাবেক আসামি গ্রেফতারের সময় থেকে ঘোষিত রায় যুগপৎভাবে কার্যকর হবে|’

তিনি আরও বলেন ‘আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিল| তার বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকে জামিন বাতিল হয়ে গেছে| তাকে গ্রেফারের পর থেকে সাজা কার্যকর হবে|’