লালমনিরহাট, ১৯ মে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী কর্তৃক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-কে উদ্দেশ্য করে প্রদত্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেন-জি লালমনিরহাট।
এক যৌথ বিবৃতিতে জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন এবং সদস্য সচিব আতিকুর রহমান শাকিল বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাট জেলার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তারা আরও বলেন, এমন একজন সম্মানিত ব্যক্তিকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা কেবল ব্যক্তিগত আক্রমণই নয়, বরং সমগ্র লালমনিরহাটবাসীর অনুভূতিকে আঘাত করার শামিল। এ ধরনের বক্তব্য সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা অবশ্যই শালীনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সীমার মধ্যে থাকা উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শিষ্টাচার বজায় রাখা সকলের দায়িত্ব।
শেষে তারা উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।