‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’–এই প্রতিপাদ্যে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ‘ভূমিসেবা মেলা, ২০২৬’ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন।
মেলায় ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের অবহিতকরণ ও তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান-সংক্রান্ত ভূমি মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভাগীয় সদর, জেলা সদর, সকল উপজেলা ভূমি অফিস এবং তেজগাঁও ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকগণ নিম্নোক্ত সেবা নিতে পারবেন – (১) অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান, (২) ই-নামজারির আবেদন গ্রহণ, (৩) ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, (৪) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ, (৫) অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং (৬) সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২১শে মে পর্যন্ত এই মেলা চলবে।