পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, “আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় তাঁর নাম উচ্চারণ করে। সুতরাং তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, অতএব তাঁরই আনুগত্য করো এবং বিনয়ীদের সুসংবাদ দাও।” (সুরা হজ: ৩৪)
ইসলামে কোরবানির গোশত খাওয়া বৈধ হলেও পশুর কিছু অংশ খেতে নিরুৎসাহিত ও নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে প্রবাহিত রক্ত সম্পূর্ণরূপে হারাম বলে উল্লেখ রয়েছে।
এ ছাড়া হাদিসে পশুর কিছু অঙ্গ-প্রত্যঙ্গ খাওয়ার ব্যাপারে অপছন্দ ও নিষেধাজ্ঞার ইঙ্গিত পাওয়া যায়। ইসলামি চিন্তাবিদদের মতে, এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা উত্তম।
হাদিসের বর্ণনায় বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির সাতটি জিনিস খাওয়া অপছন্দ করতেন। সেগুলো হলো— প্রবাহিত রক্ত, পিত্তথলি, মূত্রথলি, মাংসগ্রন্থি, পুরুষ পশুর গুপ্তাঙ্গ, স্ত্রী পশুর গুপ্তাঙ্গ এবং অণ্ডকোষ। (বায়হাকি)
ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কোরবানির পশু জবাই ও গোশত বণ্টনের সময় ধর্মীয় বিধান মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।