মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট সংখ্যা ৯


প্রকাশ :

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে সোমবার (৪ মে) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুইজন হলেন—ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা দুজনই মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন রয়েছেন।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।