আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরদিন ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।
এছাড়া ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার কোনো টিকিটই ফেরতযোগ্য নয়। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ঈদের ফেরত যাত্রার টিকিটও নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।