রংপুরে অভিযানে বাজেয়াপ্ত করা ৩৬ লাখ টাকা মূল্যের তামাকসহ তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট রংপুর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর দেওডোবা এলাকায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন দপ্তরের যুগ্ম কমিশনার পায়েল পাশা। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্গা অবন্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা।
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট রংপুরের যুগ্ম কমিশনার পায়েল পাশা বলেন, বিভিন্ন সময় বাজেয়াপ্ত করা তামাক ও তামাকজাত পণ্যগুলো গুদামে সংরক্ষিত ছিল। নিয়ম অনুযায়ী সেই পণ্যগুলো ধ্বংস করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। দেশের চোরাচালান প্রতিরোধ, নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধসহ রাজস্ব সুরক্ষায় কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারে রংপুর অঞ্চল কাজ করে যাচ্ছে।