মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট বর্ডার গার্ড স্কুলে যুগোপযোগী শ্রেণিকক্ষ উদ্বোধন


প্রকাশ :

আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোমলমতি শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দৃষ্টিনন্দন নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে এ শ্রেণিকক্ষের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্লে গ্রুপ ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের জন্য বয়সভিত্তিক বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে স্কুলে আসতে আগ্রহী হয় এবং তাদের মধ্যে স্কুলভীতি দূর হয়। একটি বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা বিবেচনায় রেখে স্কুল কর্তৃপক্ষ একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করেছে। সেখানে শিশুদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কর্মীদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সুষম খাদ্যের প্রতি আগ্রহী করে তোলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।