মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এনবিআর-আত্মা প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত


প্রকাশ :

সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ২০০ টাকা বা তদূর্ধ্ব নির্ধারণ এবং বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্কের সাথে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হলে চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রায় চার লক্ষ অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘কর এবং মূল্য বৃদ্ধি করলে সিগারেটের ব্যবহার কমে। এটি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রমাণিত। কাজেই আগামীতেও কর ও মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।’

আলোচনা সভায় জানানো হয়, কার্যকর মূল্য বৃদ্ধির অভাবে সিগারেট ও অন্যান্য তামাকপণ্যের প্রকৃত মূল্য কমে যাচ্ছে এবং নিত্যপণ্যের তুলনায় সস্তা হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিগারেটের দামের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের নিচে। তামাকপণ্যের মূল্য কার্যকরভাবে বৃদ্ধি করতে ইতোমধ্যে ভারত, থাইল্যান্ড, তুরস্কসহ বিশ্বের ৬৯টি দেশ অ্যডভেলরেম পদ্ধতির পাশাপাশি ও সুনির্দিষ্ট কর প্রচলন করেছে। সুনির্দিষ্ট কর তামাকপণ্যের সর্বনিম্ন মূল্য বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এবং এই পদ্ধিতে কর আহরণ তুলনামূলক সহজ।


প্রাক-বাজেট আলোচনায় ২০ শলাকা ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়ির অভিন্ন দাম ও করহার যথাক্রমে ৩০ টাকা ও ৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, জর্দা ও গুলের ক্ষেত্রে যথাক্রমে প্রতি ১০ গ্রাম ৬০ টাকা ও ৩০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং সকল তামাকপণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবি জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, তামাক ব্যবহারজনিত কারণে বছরে প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ২০২৪-২৫ অর্থবছরে তামাক ব্যবহারজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়েছে ৮৭ হাজার কোটি টাকা, যা এখাত থেকে আদায়কৃত রাজস্বের চেয়ে দ্বিগুণ।

প্রাক-বাজেট আলোচনায় আত্মা’র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দৈনিক জনকন্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অফ বাংলাদেশ এর হেড অফ অনলাইন (বাংলা) মো. মনির হোসেন লিটন, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী।