মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপিত


প্রকাশ :

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোঃ নাজির। রংপুর জেলা লিগ্যাল এইড কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে।

সভাপতির বক্তব্যে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আইনগত সহায়তা পাওয়ার অধিকার আমাদের মৌলিক মানবাধিকারগুলোর মধ্যে একটি। তবে অনেক সময় আর্থিক অসচ্ছলতা বা আইনি জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়ে থাকেন। বঞ্চিত মানুষদের বিনামূল্যে আইনি সেবা দিয়ে যাচ্ছে লিগ্যাল এইড। এপর্যন্ত দেশের প্রায় আট হাজার মামলা এই লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।   

লিগ্যাল এইডে মিথ্যা মামলা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, কেউ মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করালে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায়ের শিকার হতদরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুর মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহমুদুল করিম, রংপুরের জেলা চিফ লিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহেদ কামাল ইবনে খতীব, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিস্টফার হিমেল রিছিল প্রমুখ।

অনুষ্ঠানে উপকারভোগী নাজমুন নাহার মিনু, মোছাঃ হালিমা খাতুন ও মোঃ নুর আলম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষ্যে সকালে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা আইনজীবী প্যানেলের আইনজীবী লায়লা আনজুমান বানু ও আইনজীবী শামীম আল মামুনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।