মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৬১১ বোতল মাদক জব্দ, আটক ৩


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমজাতীয় মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মোট ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-১৩, সদর কোম্পানি (রংপুর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. সাইফুল ইসলাম সুজনের বাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—চন্দ্রপুর এলাকার মো. সাইফুল ইসলাম সুজন (২০) ও মো. মতিউল ইসলাম (৩০), এবং উত্তর দলগ্রাম এলাকার মো. স্বপন মিয়া (৩৮)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।