দেশে সম্ভাব্য তীব্র তাপদাহকে কেন্দ্র করে নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে অপ্রয়োজনে খোলা আকাশের নিচে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ সময় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জনজীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে এবং শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, তীব্র গরমের কারণে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হতে পারে। এ অবস্থায় অসুস্থতা এড়াতে ঘরের ভেতরে অবস্থান করা, পর্যাপ্ত পানি ও তরল পান করা এবং ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দই, ঘোল ও বেলের শরবতের মতো শীতল পানীয় গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। গাড়ির ভেতরে গ্যাসজাতীয় বস্তু, লাইটার, কার্বনেটেড পানীয়, পারফিউম বা ব্যাটারি জাতীয় বস্তু না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গরমে দুর্ঘটনা এড়াতে গাড়ির জানালা কিছুটা খোলা রাখা, ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি না করা এবং অতিরিক্ত চাপ দিয়ে টায়ারে বাতাস না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তীব্র গরমে সাপ ও বিষাক্ত পোকামাকড় আশ্রয়ের খোঁজে বসতবাড়িতে ঢুকে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। এজন্য বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও সংযত থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র চালু না রাখা এবং এসি ২৪-২৫ ডিগ্রির মধ্যে ব্যবহার করা উত্তম। একইসঙ্গে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর কিছু সময় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
( বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর)