শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশ :

সাধারণ গ্রাহকদের ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট বদলে দিতে দেশের সব ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখায় ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহের সেবা নিয়মিত চালু রাখতে হবে। কিন্তু নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো এসব নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা লেনদেনে ভোগান্তির কারণ হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত কাউন্টারের মাধ্যমে বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, গ্রাহকদের এসব নোটের বিপরীতে নতুন বা ব্যবহারযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো শাখা এ সেবা দিতে গাফিলতি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।