লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে “বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় লালমনিরহাট স্কাউট ভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বর্ণাঢ্য র্যালি।
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় একটি র্যালির মাধ্যমে। র্যালিটি লালমনিরহাট স্কাউট ভবন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউট ভবনে এসে সমবেত হয়। র্যালিতে অংশগ্রহণকারী স্কাউট ও কাব শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
র্যালি শেষে স্কাউট ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলা জনাব মুহাম্মদ রাশেদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব রুখসানা পারভীন, ডিআরসি রাজিবুর রহমানসহ জেলা ও উপজেলা নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, গ্রুপ সভাপতি, ইউনিট লিডার এবং বিপুল সংখ্যক স্কাউট ও কাব শিক্ষার্থী।
সার্বিকভাবে, দিনব্যাপী এই আয়োজন স্কাউট সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়কে আরও দৃঢ় করে তোলে।