লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিজ্ঞানসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে “বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি” প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহা, দলগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জুয়েল আলম, প্রফিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম, প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর ইসলাম এবং মুন্নি বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই আগামী প্রজন্মকে উন্নত ও দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার আহ্বান জানান।
প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে উঠান বৈঠক, লিফলেট ক্যাম্পেইনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠানে খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।