একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এই প্রথম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেউ আপিল বিভাগে খালাস পেলেন। আইনজীবীরা জানিয়েছেন, এতে আজহারের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে ৬টি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০১৯ সালে আপিল বিভাগ সেই রায় বহাল রাখলেও পরে রিভিউ আবেদনের প্রেক্ষিতে এখন খালাস পেলেন তিনি।
আজহারের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শিশির মনিরসহ একাধিক আইনজীবী। জামায়াতের শীর্ষ নেতারাও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।