রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মানবাধিকার রক্ষায় গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে--তারেক রহমান


প্রকাশ :

মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, “আর কোনো নাগরিক যেন গুমের শিকার না হয়, সে জন্য রাষ্ট্রকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাতে এমন অমানবিক ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।”

সোমবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এ আয়োজন। ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন গুম হয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ, কারও মৃতদেহ উদ্ধার হয়েছে, আবার কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি আওয়ামী শাসনামলের ভয়াবহ দুঃশাসনের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “উল্লেখিত সংখ্যাটি ভুক্তভোগী পরিবারের রিপোর্টের ভিত্তিতে প্রণীত। বাস্তবে অনেক পরিবার ভয়ে বা নিরাপত্তাহীনতায় রিপোর্টই করতে পারেনি। অনেক ব্যক্তি ১০ থেকে ১৫ বছরেও ফিরে আসেননি। গুমের শিকারদের বড় একটি অংশ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক। এছাড়াও ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ নাগরিকরাও গুম হয়েছেন।”

তারেক রহমান বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধান অনুযায়ী, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। মানবাধিকারের মৌলিক মান রক্ষা করতে হলে গুমের এই বর্বর সংস্কৃতি এখনই বন্ধ করতে হবে।”