রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ছাত্র সমন্বয়কের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রধান ছাত্র সমন্বয়ক গোলাম আজমের (২৫) উপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত হন তিনি। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

 বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজমের বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে ওইদিনই পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার প্রতিবাদে এদিন বিকেলে পাটগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলার চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। আজম জুলাই-আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে পাটগ্রাম উপজেলায় প্রধান ভূমিকা পালন করেন। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার নিজ বাড়ির পাশের নিবির নিলয় ভিলা সংলগ্ন সড়কে হাঁটছিলেন গোলাম আজম। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে দেদুল মিয়া (৫৯), দেদুল মিয়ার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) হামলা করে ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে।

এতে মাথায় ও বাম পায়ে জখম হন আজম। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আজমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা বিকেলে আজমকে উন্নত চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানা পুলিশ এজাহার নামীয় আসামী সজিব মিয়া ওরফে টাইগারকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সমন্বয়ক গোলাম আজমের বড় ভাই বাদী হয়ে একটি মামলা দিয়েছে। মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।