বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

রাজবাড়ীর পাংশা উপজেলার দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করার ভয় দেখানো এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জন বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের গুলি করার হুমকি দেয়। বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়।

হামলাকারীরা বাড়ির বাইরে ফাঁকা গুলি ছোড়ে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন।

সাংবাদিক অমিত হাসান রবিন সামা‌জিক যোগাযোগমাধ‌্যমে অ‌ভিযোগ করে বলেন, ‘স্থানীয় বিএনপির নামধারী একটি সন্ত্রাসী বাহিনী তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে টেলিভিশন, ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে। এ ছাড়া বাড়ির বাইরে ফাঁকা গুলিও ছুড়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।’

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে। তদন্তসাপেক্ষে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন