রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। পাশাপাশি দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস