মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কুড়িগ্রামে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
কুড়িগ্রামে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ইটের গুঁড়া ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

সড়কটির নির্মাণকাজ চলতি বছরের ১৩ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে প্রায় চার মাস হতে চললেও কাজ শেষ হয়নি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহারের চিত্র দেখা যায়। এ সময় সড়কের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক ব্যক্তি বলেন, ‘আসলে সব জায়গায় যে খারাপ, তা নয়; ভালো-খারাপ মিশ্রণ আছে।’

স্থানীয় বাসিন্দা মহুবর রহমান অভিযোগ করে বলেন, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনিয়ম করে আসছেন। দিনের পর দিন কাজ ফেলে রাখায় তাঁদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করায় সড়কটি বেশিদিন টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউপি অফিস-ব্যাপারীর হাট সড়কের ৯৫০ থেকে ২ হাজার ৩৫০ মিটার অংশের উন্নয়নকাজ চলছে। এ কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭১৭ টাকা। কাজটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়ক নির্মাণে বালুর পরিবর্তে ইটের গুঁড়া ব্যবহারের অভিযোগের বিষয়ে চিলমারী উপজেলা উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, ‘বালুর জায়গায় ডাস্ট দিয়ে রাস্তা খারাপ করেছে। ডাস্ট যেটা দেওয়া হয়েছে, সেটা সরিয়ে নেওয়া হবে।’

অন্যদিকে, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নির্মাণকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জগবন্ধু রায় বলেন, সরেজমিনে পরিদর্শন না করে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

নির্ধারিত সময়ে সড়ক নির্মাণ শেষ না হওয়া এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সড়কটির কাজের মান নিশ্চিত করা এবং দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন