নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতের কবলে পড়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি। তবে তাঁর গাড়িচালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। এ সময় তাঁদের সামনে থাকা অন্য একটি গাড়ির যাত্রীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।
রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন রফিকুল ইসলাম মাদানি। তিনি জানান, একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে সড়কের ওপর বড় বড় পাথর পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে ডাকাত দলের সদস্যদের হাতে ধারালো রামদা ও দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।
মাদানি জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাঁর গাড়িচালক দ্রুত গাড়ি ঘুরিয়ে বিকল্প পথে চলে যান। এতে তাঁরা ডাকাতদের কবল থেকে রক্ষা পান। তবে তাঁদের সামনে থাকা অন্য একটি গাড়ির চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতেরা বলে তিনি জানান।
ফেসবুক লাইভে তাৎক্ষণিক সহায়তা ও নিরাপত্তার জন্য আকুতিও জানান এই ইসলামী বক্তা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক