বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বিএনপি-আওয়ামী লীগের সমঝোতা হয়েছে, দাবি সাদিক কায়েমের


প্রকাশ : (২ ঘন্টা আগে)
বিএনপি-আওয়ামী লীগের সমঝোতা হয়েছে, দাবি সাদিক কায়েমের

জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে পদায়ন নিয়ে প্রশ্ন ডাকসু ভিপির বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর অভিযোগ, পুরোনো ‘ভাগাভাগি করে লুটেপুটে খাওয়ার রাজনৈতিক ব্যবস্থা’ বজায় রাখতেই দুই দলের মধ্যে এ সমঝোতা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পদায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বিএনপি সরকারের সমালোচনা করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গোয়েন্দা তথ্য’ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, প্রধানমন্ত্রী যে দুই দলের মধ্যে সমঝোতার কথা বলেছেন, সেই দুই দল বিএনপি ও আওয়ামী লীগ। তাঁর ভাষ্য, এই সমঝোতার প্রমাণ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই গণহত্যার বিচার কতটা এগিয়েছে এবং বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে সমঝোতা হয়েছে। তাঁর দাবি, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বৈঠক, বিভিন্ন প্রকল্পের ব্যবসা হাতবদল এবং জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পদায়নের ঘটনাগুলো এ সমঝোতার ইঙ্গিত দেয়।

এ ছাড়া রাজধানীতে তারেক রহমানের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বড় জমায়েত এবং চট্টগ্রামে পূজা উদযাপনের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ভূমিকার বিষয়টিও তাঁর পোস্টে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্টের শেষাংশে সাদিক কায়েম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’ হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন, এমন মন্তব্য করা ভুল হবে কি না।

তবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা, ব্যবসায়িক স্বার্থ ভাগাভাগি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পদায়ন নিয়ে সাদিক কায়েমের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট।

বিজ্ঞাপন