বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দুর্গাপূজার বরাদ্দ ও ছুটি বাড়িয়েছি, দেশজুড়ে বেড়েছে ১,৫০০ পূজামণ্ডপ: ত্রাণমন্ত্রী দুলু


প্রকাশ : (২ ঘন্টা আগে)
দুর্গাপূজার বরাদ্দ ও ছুটি বাড়িয়েছি, দেশজুড়ে বেড়েছে ১,৫০০ পূজামণ্ডপ: ত্রাণমন্ত্রী দুলু

দুর্গাপূজায় সরকারি বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে এবং সারাদেশে এ বছর ১ হাজার ৫০০টি পূজামণ্ডপ বেড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

বুধবার (২১ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি কলেজ ও দুর্গামন্দির প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। বিএনপি সরকার তা বাড়িয়ে ৬০০ কেজি করেছে। পাশাপাশি দুর্গাপূজার ছুটিও বাড়ানো হয়েছে। সারাদেশে এ বছর ১ হাজার ৫০০টি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘এটাই বিএনপি।’

আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তাঁকে জানতে চেয়েছেন, অতীতে কোনো প্রধানমন্ত্রী জেলা শহরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন কি না। এ বিষয়ে তাঁর জানা নেই বলে জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী রংপুর শহরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, সারাদেশে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা বাস্তবায়নে তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন