সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাটি সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের ভেতরে।
নিহত শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন। তবে এবার কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং কে বা কারা তাঁকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের মরদেহ উদ্ধার করেছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।