শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনার অঙ্গীকার মন্ত্রীর


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনার অঙ্গীকার মন্ত্রীর

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে অঙ্গীকার করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি। একই সঙ্গে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি মন্ত্রণালয়ের দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী দেশের খরা ও বন্যাকবলিত এলাকায় পানির সংকটের টেকসই ও সহজ সমাধানসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ উপস্থাপন করেন। 

তিনি পানি সম্পদ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত দিনের দুর্নীতির তথ্য-প্রমাণ, হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি, পাবনা পানি উন্নয়ন বোর্ডে কাজ না করেই অর্থ আত্মসাৎ, বগুড়ায় শত শত কোটি টাকার দুর্নীতি, মেগা প্রকল্পে দুর্নীতি, ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নাজমুল আহসানের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তুলে ধরেন। এ ছাড়া বিশুদ্ধ ও সুপেয় পানি তহবিলের ২৬ শতাংশ অর্থ অপচয়ের অভিযোগও সভায় উপস্থাপন করা হয়।


দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ কাইয়ুম রেজা চৌধুরী, ড. জমিরুল আকতার, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব ড. আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্নেল ও পানি বিশেষজ্ঞ ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. প্রকৌশলী লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, কবি কাজী আলমসহ কমিটির নেতৃবৃন্দ।

 

বিজ্ঞাপন