বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লোডশেডিংয়ের চাপ শহর-গ্রামে সমানভাবে ভাগ হচ্ছে: তথ্য উপদেষ্টা


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
লোডশেডিংয়ের চাপ শহর-গ্রামে সমানভাবে ভাগ হচ্ছে: তথ্য উপদেষ্টা

দেশে চলমান বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, খুব স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিংয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, জ্বালানি সংকটের কারণে বর্তমানে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তা শিগগিরই কমে আসবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।

ঢাকায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতীতে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলকভাবে বেশি নিশ্চিত করা হতো। ফলে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের চাপ বেশি পড়ত। তবে বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের বোঝা শহর ও গ্রামের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণেই ঢাকার মানুষও বর্তমানে লোডশেডিংয়ের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।

তথ্য উপদেষ্টা বলেন, বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে। কারণ এসব এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হয়। তবে বর্তমান পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ শুধু গ্রামাঞ্চলের ওপর না দিয়ে সবাইকে ভাগ করে নেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

আগের আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কতটা লোডশেডিং হয়েছিল তার তথ্যও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ওই সময়ের লোডশেডিংয়ের পরিমাণ ও বিদ্যুৎ ঘাটতির তথ্য নিয়ে কাজ চলছে। কত মেগাওয়াট লোডশেডিং হয়েছিল, তার বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে।

দেশে বিদ্যুৎ সংকটের কারণ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন