শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এনডিসির ক্যাপস্টোন কোর্স শেষ, সনদ পেলেন ৩৯ ফেলো


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
এনডিসির ক্যাপস্টোন কোর্স শেষ, সনদ পেলেন ৩৯ ফেলো

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩৯ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
কোর্সটিতে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৯ জন ফেলো অংশ নেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোর্স চলাকালে ফেলোদের সক্রিয় অংশগ্রহণ তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে জাতীয় মেলবন্ধন তৈরিতে সহায়ক হয়েছে।
এনডিসির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে ‘ক্যাপস্টোন কোর্স’ কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন