দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এর আগে গত ১৫ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার সেই দাম আরও ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ল।
চলতি বছর এখন পর্যন্ত ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল।
রুপার দামও বাড়ল
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। এবার ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ৬৩ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।