যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ এবং অবিরাম বৃষ্টি উপেক্ষা করে লালমনিরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সকালে শহরের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা সর্বপ্রথম শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে জেলা পুলিশ, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক-এর নেতৃত্বে জেলা পরিষদ এবং একে একে লালমনিরহাট পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), গণপূর্ত বিভাগ, জেলা প্রাণিসম্পদ অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আনসার ও ভিডিপি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা তথ্য অফিস, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের পুরাতন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জন শহীদ পরিবারের সদস্য এবং ৫৭ জন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্মৃতিচারণ করেন জুলাই শহিদ আজিজুল ইসলামের পিতা মোঃ আব্দুর রহিম এবং জুলাই শহিদ শাহ রিয়াদের ছোট ভাই মোহাম্মদ তামিম। এছাড়া বক্তব্য দেন জুলাই ওয়ারিয়ার্সের আহ্বায়ক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান এবং জুলাই যোদ্ধা নাসির উদ্দীন। আমন্ত্রিত অতিথিরাও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে তাঁদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা।