সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ জাতীয়

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা


প্রকাশ :

বিদেশে কর্মরত ও প্রবাসফেরত বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমানবন্দর সেবা, চিকিৎসা, ব্যাংকিং, বিনিয়োগ, পুনর্বাসনসহ অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কার্ড চালুর অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের ধারাবাহিকতায় এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড।

বৈঠকে জানানো হয়, এই কার্ডের মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং দেশে-বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় অগ্রাধিকার প্রদান। একই সঙ্গে ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করার পরিকল্পনাও রয়েছে।

প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরের বিশেষ লাউঞ্জ ও দ্রুত ইমিগ্রেশন সুবিধা, আন্তর্জাতিক মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা, মৃত্যুর ক্ষেত্রে মরদেহ বিনা খরচে দেশে আনা, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন ও সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্সভিত্তিক পুরস্কার, ঋণ সুবিধা এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ মোট ১০টি সুবিধা দেওয়া হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশনা দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যাতে এই কার্ডের আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।