শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ জাতীয়

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতায় জেলা তথ্য অফিস


প্রকাশ :

চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সড়ক ও অনলাইনভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করেছে লালমনিরহাট জেলা তথ্য অফিস। অন্যদিকে, জেলায় বন্যা বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, সারাদেশে চলমান আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব জেলা তথ্য অফিসের মতো লালমনিরহাটেও নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বন্যার পূর্বাভাস, স্বাস্থ্যবিধি, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, বন্যাকালীন ও বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সড়ক প্রচার এবং অনলাইন প্রচারণা অব্যাহত রয়েছে।

জেলা তথ্য অফিস বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য উল্লেখ করেছেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে পানির স্তর ছিল বিপদসীমার ১৩০ সেন্টিমিটার নিচে।

জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে জেলার কোথাও বন্যাকবলিত এলাকা নেই। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলার পাঁচ উপজেলায় ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২৮৯ মেট্রিক টন চাল, ৩ লাখ ১৪ হাজার টাকা এবং ১ হাজার ৮২০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত ১০০ মেট্রিক টন জিআর চাল ও ৫ লাখ টাকা জিআর ক্যাশ সংরক্ষিত আছে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দের আবেদন করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

জেলা তথ্য কর্মকর্তা সৌমিক রায় জানান, দুর্যোগ পরিস্থিতিতে গুজব এড়িয়ে সরকারি নির্দেশনা অনুসরণ এবং সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।