লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে আদিতমারী থানার উদ্যোগে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বামনের বাসা বাজারের পশ্চিম পাশে কালীগঞ্জ-ভেলাবাড়ী সড়কের মন্দির সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেনঃ আদিতমারী উপজেলার চন্দনপাট পাবনাপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন ওরফে সাকিল (২৩), কালীগঞ্জ উপজেলার নিথক চলবলা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক (৩৫) এবং উত্তর বালাপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫)।
আদিতমারী থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে প্রবেশ করে জুয়া খেলতেন।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (১০ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।