লালমনিরহাট জেলায় চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে কঠোর নজরদারি ও ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলার পাঁচটি উপজেলার ২৫টি পরীক্ষা কেন্দ্রে ১৪ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষা চলাকালে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চিকিৎসক, কেন্দ্রসচিব, হল সুপার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন কেন্দ্রে পরিচালিত অভিযানে অনিয়মের দায়ে একাধিক পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ কেন্দ্রের (মাদ্রাসা শিক্ষা বোর্ড) আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই কেন্দ্রে চার পরীক্ষার্থীর উত্তরপত্র জব্দ করা হয়েছে।
এছাড়া কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এক পরীক্ষার্থীর উত্তরপত্র জমা রাখা হয়।
মনিটরিং চলাকালে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। হাতীবান্ধা মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনকারী ১০ জন কক্ষ পরিদর্শকের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে কেন্দ্র তত্ত্বাবধায়ককে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাতীবান্ধা মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানে দায়িত্বরত মেডিকেল টিম দ্রুত চিকিৎসাসেবা প্রদান করে।
পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ ও আলোর স্বল্পতা দূর করার পাশাপাশি পরীক্ষা পরিচালনার সব বিধিবিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে জেলার সব কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।