সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কড়া অবস্থানে র‍্যাব, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি


প্রকাশ :

 আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, গোপন কর্মসূচি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি জানান, এ বিষয়ে দেশের সব র‍্যাব ইউনিট ও সংশ্লিষ্ট স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ অস্ত্র বহন করে বা অন্য কোনো উপায়ে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের তৎপরতার তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্কতা জোরদার করেছে। পুলিশ সদরদপ্তর ইতোমধ্যে সারা দেশে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য গোপন মিছিল, সমাবেশ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।