আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আশা তৈরি হওয়ায় তেলের বাজারে এ প্রভাব দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮১ ডলারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে ইরানের তেল রপ্তানি বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা জোরালো হয়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
১৪ দফার এই সমঝোতার আওতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রাখা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে আগামী বছরগুলোতে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, চুক্তির বাস্তবায়নের অগ্রগতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর আগামী দিনের তেলের বাজার অনেকটাই নির্ভর করবে।