শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী


প্রকাশ :

দেশের প্রতিটি নাগরিকের কল্যাণ এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন তিনি দেশের অর্থনীতির আগামী এক বছরের রূপরেখা তুলে ধরতে জাতীয় বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটের প্রতিটি বিষয় নির্ধারণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনাকে কেন্দ্র করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেট উপস্থাপনের প্রেক্ষাপট বিগত কয়েক বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে। ফলে এ বাজেট ঘিরে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা ও জাতীয় লক্ষ্যকে ধারণ করেই বাজেট প্রস্তুত করা হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রের বিদ্যমান আর্থিক সক্ষমতার মধ্যেই বাজেট প্রণয়ন করতে হয়েছে। একটি ভঙ্গুর ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে প্রথমে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা এবং পরবর্তীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এ বাজেটের অন্যতম লক্ষ্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী আরও জানান, এবারের বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। দেশের সকল নাগরিককে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং উন্নয়নের সুফল সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়টি বাজেটে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি আরও শক্তিশালী করতেই নতুন অর্থবছরের এই আয়-ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।