দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে| তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন|
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে| বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে দ্রুত টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে| ১৬ ডিসম্বরকে সামনে রেখে সব কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি|
তথ্যমন্ত্রী আরও বলেন, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা রয়েছে| এসব গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে| ফলে যাত্রীরা বিমানবন্দরে অবস্থানকালে বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন|
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে| একই সঙ্গে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহনে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে| দেশের বেসামরিক বিমান চলাচল খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে|