দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারিও।
শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সজাগ রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।