বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দেশে ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ


প্রকাশ :

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোররা এসব প্ল্যাটফর্মের অপব্যবহারের শিকার হয়ে মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি ও সহিংসতামূলক কনটেন্ট শিশু-কিশোরদের শৈশব, খেলাধুলা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে ভুয়া তথ্য, অপপ্রচার ও অশ্লীল কনটেন্টের সহজলভ্যতা তাদের মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনে বাধা সৃষ্টি করছে।

এছাড়া অনলাইন গেমে আসক্তি, দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক অপরাধপ্রবণতা বৃদ্ধির বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল মাধ্যম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারছেন না। তাই শিশু-কিশোরদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।