রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেলের জাহাজ


প্রকাশ :

সৌদি আরব থেকে আনা এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই এটি বন্দরে পৌঁছাবে।

তিনি বলেন, জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা পেরিয়ে হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ অঞ্চল এড়িয়ে নিরাপদ পথে আরব সাগর হয়ে এখন বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।

জানা গেছে, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল ভোরে যাত্রা শুরু করে। এর আগে সেখানে রাতভর অপরিশোধিত তেল লোড করা হয়।

এই চালান পৌঁছালে দীর্ঘদিনের সংকট কাটিয়ে আবারও উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

তবে একই সময়ে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজ, যাতে আরও এক লাখ টন তেল রয়েছে, তা হরমুজ প্রণালীর অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে।

ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ মেটায়। বাকি জ্বালানি চাহিদার বড় অংশই আমদানিনির্ভর।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানির প্রায় ৯২ শতাংশই আমদানি করতে হয়। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে, এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাত।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশে মোট ৬৮ লাখ ৩৫ হাজার টনের বেশি জ্বালানি বিক্রি হয়েছে। জ্বালানি ব্যবহারের তালিকায় ডিজেল শীর্ষে, এরপর রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েল।